বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০

নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন। ছবি: বাসস

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২৯৯ টি আসনে ২ হাজার ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৮১ জন নারী প্রার্থী বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থী ইন্তেকাল করায় ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে।  সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে বিকেল সাড়ে ৪ টার পরেও যদি কেন্দ্রের মধ্যে অপেক্ষমান ভোটার থাকে তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে।

তিনি জানান, মোট ৪২ হাজার ৬৫৯ টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  আর ২৯৯ টা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে । মোট ৪২ হাজার ৯৫৮ টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা আনুমানিক ৫০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। বাকি ৫০ ভাগ গুরুত্বপূর্ণ কেন্দ্র। যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি।’

তিনি জানান, মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং  নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি।

তিনি আরও বলেন, এই পর্যন্ত ৯ হাজার ৭০০ জন  সংবাদকর্মী  নিবন্ধন করেছেন। যার মধ্যে ১৫৬  জন বিদেশী সাংবাদিক।