শিরোনাম

চাঁদপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১২ হাজার ৫২৪ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের তথ্যানুযায়ী গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪২২টি। ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ ও নির্বাচন অফিসারের কার্যালয়ের সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলার পাঁচটি আসনে ভোটারদের ভোট গ্রহণের নিরাপদ পরিবেশ তৈরির জন্য ৭০৬টি ভোট কেন্দ্রে ১হাজার ৯২০ পুলিশ সদস্য, সেনাবাহিনী ৯৮১ জন, বিজিবি ২৩৫, আনসার সদস্য ৯১৭৮, কোস্টগার্ড ২১০, প্রিসাইডিং অফিসার ৭০৬, সহকারী প্রিসাইডিং অফিসার ৪২৭৬, পোলিং অফিসার ৮৫৫২, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০জন দায়িত্ব পালন করবেন।
এছাড়াও মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার দুর্গম চরের ২২টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা পুলিশের তথ্যানুযায়ী চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৬জন এবং ১১০টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ, ১০১টি ভোট কেন্দ্র সাধারণ।
চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮ জন এবং ১৫৫টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ, ১২৩টি ভোট কেন্দ্র সাধারণ। চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৭জন এবং ১৬৫টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ, ১০৪টি ভোট কেন্দ্র সাধারণ। চাঁদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮জন এবং ১১৮টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৩৮টি ভোট কেন্দ্র সাধারণ ও চাঁদপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৭জন এবং ১৫৮টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৫৬টি ভোট কেন্দ্র সাধারণ।
পাঁচটি আসনের মধ্যে চাঁদপুর-১, ৩ ও ৪ আসনে বিএনপি-জামায়াত ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি চাঁদপুর-২ ও চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের এলডিপি’র প্রার্থী অপরিচিত মুখ হওয়ার কারণে খুব সহজে বিজয় পাবে বিএনপির প্রার্থীরা। এই দুই আসনে অন্যান্য দলের প্রার্থীরাও কোনো অবস্থান তৈরি করতে পারেনি।
চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না।