শিরোনাম

খুলনা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হবে।
ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ আজ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত খুলনায় নির্বাচনী এলাকায় কেউ জনসভা, অনুষ্ঠান, মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা যোগদান করবেন পারবেন না।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক খুলনা ও রিটার্নিং অফিসার আ স ম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভীতিপ্রদর্শন করতে পারবেন না। এছাড়া কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না।
যদি কোনো ব্যক্তি উল্লিখিত বিধানাবলী লঙ্ঘন করেন তাহলে তিনি ন্যূনতম দুই বছর এবং অনধিক সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।