শিরোনাম

কুড়িগ্রাম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশের সঙ্গে একযোগে কুড়িগ্রাম জেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের আওতাধীন সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন সময়ে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে উপস্থিত সকলের জন্য প্রযোজ্য হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ভেতরে ও আশপাশের নির্ধারিত এলাকায় কোনো ধরনের ধূমপান করা যাবে না। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বিষয়ে ৮ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধূমপানমুক্ত এলাকা সংক্রান্ত নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।