বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটে র‌্যাব ক্যাম্পের মহড়া

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলায় র‌্যাব ক্যাম্পে মহড়া অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলায় র‌্যাব ক্যাম্পে মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প অফিস থেকে র‌্যাবের একটি টিম প্রধান সড়ক দিয়ে পাচুর মোড় হয়ে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশেপাশে অবস্থান নেয়। 

সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লে: আল-মুমেন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল মহড়ায় অংশ নেয়। 

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প  কমান্ডার জানান, জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদভাবে তাদের নিজেদের ভোট নিজেদের পছন্দের প্রার্থীকে দিতে পারে সেজন্য আমাদের এই প্রচেষ্টা।

র‌্যাবের সঙ্গে ইতোমধ্যে গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপিসহ সকল স্তরের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

আমরা আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি যেন সার্বিক নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফলতার সঙ্গে পরিচালনা করতে পারি।