বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪

পোস্টাল ব্যালট পরিবহনে ডাক বিভাগের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার আওতামুক্ত থাকবে ডাক বিভাগের যানবাহন। 
পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি’র নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’-এ ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে। 

এ সব ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে ডাক অধিদপ্তরকে। 

তাই জরুরি প্রয়োজনে ডাক বিভাগের যানবাহনগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ব্যালট পরিবহনের কাজে নিয়োজিত ডাক বিভাগের গাড়িগুলো এই সময়ে অবাধে চলাচল করতে পারবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ইসি।