বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯

কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া

মঙ্গলবার জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক ‘জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া’ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক ‘জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং এষ্টেট মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।মহড়ায় নির্বাচনকালীন একটি সম্ভাব্য সংকট পরিস্থিতি উপস্থাপন করা হয়। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সারাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় মোতায়েন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আজ পরিচালিত এই মহড়া সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ।

মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।