শিরোনাম

খুলনা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি নির্বাচনকালীন ডিউটিতে নিয়োজিত সকল কর্মকর্তা ও ফোর্সকে আইনানুগভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ মূল দায়িত্বে থাকলেও সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও মোবাইল পেট্রোল, স্ট্রাইকিং রিজার্ভে দায়িত্বে থাকা ফোর্স ও অফিসারদেরকে তিনি নির্দেশ দেন ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা ও বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে।
তিনি উল্লেখ করেন বেশিভাগ ভোটকেন্দ্র সিসি টিভি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার আওতায় থাকবে, যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে বা ঘটানোর চেষ্টা করলে সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে আইনের আওতায় আনা যায়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।