বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৪

লালমনিরহাট সদর আসনে ধানের শীষের সমর্থনে হাজারো মানুষের গণপদযাত্রা

ছবি : বাসস

লালমনিরহাট, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলুর সমর্থনে সোমবার হাজারো মানুষের অংশগ্রহণে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস রোডের ঐতিহাসিক এম টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়। এতে দল-মত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

গণপদযাত্রার শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেন, এবারের নির্বাচনে ভিন্নমাত্রার প্রচার-প্রচারণা চালনা করা হচ্ছে, যা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও গতিশীল হয়ে উঠেছে।

তিনি বলেন, দলের সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের প্রচারণায় অংশ নিচ্ছেন-এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ লালমনিরহাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দুলু বলেন, অহংকার ও বিভেদের রাজনীতি পরিহার করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, ‘আপনারা এতদিন আমাকে পাহারা দিয়েছেন, নির্বাচিত হলে আমিও আপনাদের পাহারাদার হয়ে থাকব’।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

গণপদযাত্রায় জনকল্যাণ সংঘ, ভ্যান ও ঠেলা শ্রমিক ইউনিয়ন, হোটেল ও ট্রাক শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক, শিক্ষক সমাজ, রেলওয়ে খেলোয়াড় কল্যাণ সমিতি, নদীভাঙন সামাজিক সংগঠন, এসএসসি ব্যাচ-’৮৪, তাঁতি গোষ্ঠী, অটোচালক সমিতি, নাপিত সমাজ, দোকান মালিক সমিতি, বৃক্ষরোপণ সংগঠন এবং জেলা আইনজীবী সমিতিসহ শতাধিক বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত ফেরদৌস আরা, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরাসহ বিএনপি’র জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।