শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৪ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, নবীন ও প্রবীণদের সম্মিলিত শক্তিতে ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস, মাদক ও দখলবাজমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি কিংবা দুর্নীতিবাজ চক্র এই এলাকায় মাথাচাড়া দিতে পারবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় উদ্যানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তুলি বলেন, যুব সমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে কিশোর গ্যাংসহ অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সমাজের অবক্ষয়ের জন্য বাইরের কাউকে দায়ী না করে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শুদ্ধ সমাজ গড়তে হলে প্রত্যেক পরিবার থেকেই শুদ্ধ অভিযানের সূচনা করতে হবে।’
জাতীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় উদ্যান ও জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করা হবে, যাতে এসব স্থাপনা শুধু বিনোদনের কেন্দ্র নয়, বরং পর্যটন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সানজিদা ইসলাম তুলি বলেন, ‘ইনশাল্লাহ তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে দেশ ও ঢাকা-১৪ আসনের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখ সকাল ৮টার আগেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। একই সঙ্গে জাল ভোট ও অনিয়ম রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্র ও বস্তি এলাকায় পাহারার ব্যবস্থা রাখতে হবে, যাতে কালো টাকার প্রভাব বা কোনো ধরনের অনিয়ম ঢুকতে না পারে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, মো. হানিফ, ডা. আরিফ এবং বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসা-সহ স্থানীয় নেতৃবৃন্দ।