বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩

ভোটারদের উদ্বুদ্ধকরণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান

ছবি : বাসস

পঞ্চগড়, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করা ও আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে ট্রাকযোগে ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান শুরু হয়েছে।

আজ সোমবার এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মো. সায়েমুজ্জামান।

জেলা তথ্য অফিস, পঞ্চগড়-এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

এ সময় ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ-২০২৬-এর দুই প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসেন এবং প্রার্থী ও ভোটার উভয়েই যেন নির্বাচন আচরণবিধি মেনে চলেন- সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ট্রাকযোগে ভ্রাম্যমাণ এই সংগীতানুষ্ঠান পঞ্চগড় জেলার প্রতিটি উপজেলায় যাবে এবং ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও বলেন, ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য জেলা তথ্য অফিসের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রম হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে গান ও বার্তার মাধ্যমে ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা এবং সুষ্ঠু নির্বাচন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করা হবে।