বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

হাসান মুরাদ। ফাইল ছবি

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মুরাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তার বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকায়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাসান মুরাদকে গ্রেফতার করা হয়েছে। সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বাসসকে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।