শিরোনাম

পটুয়াখালী, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার গলাচিপায় এক লাখ টাকার জাল নোট উদ্ধারের মামলায় শামীম হোসেন নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার এজাহারকারী এসআই নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত শামীম হোসেনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।