শিরোনাম

মুন্সীগঞ্জ, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় কুলসুম বেগম (৩৫) হত্যা মামলায় আসামি সুমন শেখ (৩৫)’কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক শরিফুল আলম ভূঁইয়া এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সুমন হোসেন ওরফে সুমন শেখ শ্রীনগর উপজেলার হাসাড়গাঁও গ্রামের আলী হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারীর সূত্রে জানা যায়,জেলার শ্রীনগর উপজেলার হাসাড়গাঁও গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী কুলসুম বেগমের ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে সুমন শেখ টাকা নেয়। ছেলেকে বিদেশ না পাঠানোর কারণে সুমন শেখের সাথে কুলসুম বেগমের বিরোধ দেখা দেয়। গত ২০২১ সালের ১৭ জানুয়ারি কুলসুম বেগম নিখোঁজ হন। নিখোজেঁর ১৯ দিন পর গত ৫ ফেব্রয়ারি হাসাড়গাঁও এলাকায় পতিত জমিতে ঘাসে চাপা দেওয়া অবস্থায় কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুলসুমের ছেলে কামরুল হাসান অয়ন বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি সুমন শেখ’কে গ্রেফতার করে। আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং ১৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সুমন শেখ’কে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. মুস্তাফিজুর রহমান জানান, কুলসুম বেগম হত্যা মামলার আসামি সুমন শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।