বাসস
  ১২ আগস্ট ২০২৬, ১২:৪৩

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ৭টি আইনের ২৯টি ধারায় বিকল্প বিরোধ নিষ্পত্তি

ছবি: বাসস

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে ৭টি আইনের ২৯টি ধারার বিচারে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম চালু করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো: আল-ইমরান খান স্বাক্ষরিত ৯ আগস্টের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে প্রাথমিক পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিশেষত: মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অনুমতি প্রদান করেছেন।

প্রাথমিক পর্যায়ে যে ৭ টি আইনের যে ২৯টি ধারার বিচার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে বলা হয়েছে সেগুলো হলো, পারিবারিক আদালত আইন-২০২৩ এর ৫ ধারা, পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ এর ৫ ধারা, যৌতুক নিরোধ আইন-২০১৮ এর ৩ ও ৪ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারা ১১(গ)। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১, ৫১১ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ এর ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ ধারা ও হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১ এর ১৩৮ ধারা।