শিরোনাম

জয়পুরহাট, ১৩ জুলাই, ২০২৬, (বাসস): সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষক আলম মন্ডলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করতো।
২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদ্রাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল শিশুটিকে ধর্ষণ করে।
এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসা দেখে আলম মন্ডল পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় দেন।
জয়পুরহাট জজকোর্টের পিপি এ্যাড. সাহনুর রহমান শাহীন বাসসকে জানান, এই মামলাটি ছিল জেলার একটি আলোচিত মামলা। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত যে রায় দিয়েছে তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায় আগামীতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির বাবা জানান, এই রায়ে আমরা খুশি। আমার মেয়ের মতো যেন কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা না ঘটে। যত দ্রুত সম্ভব রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।