শিরোনাম

ঢাকা, ১৩ জুলাই, ২০২৬ (বাসস) : এনজে ডায়মন্ডসের ডায়মন্ড ও সোনার তৈরি নেকলেস চুরি এবং আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই নারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াসির আরাফাত দুই আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য আদালত আজ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, এনজে ডায়মন্ডস-এর কর্মচারী দুই নারী অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীর সঙ্গে যোগসাজশে প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে ২০২৬ সালের ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ডায়মন্ডের অলংকারের পরিবর্তে রেপ্লিকা (নকল) অলংকার প্রতিস্থাপন করে পর্যায়ক্রমে চুরি ও আত্মসাৎ করেন। এছাড়া মামলায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকৃত ডায়মন্ডের অলংকার সরাসরি চুরির অভিযোগও আনা হয়েছে। রেপ্লিকা করে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ডায়মন্ড ও সোনার সমন্বয়ে তৈরি চারটি নেকলেস, যার ওজন যথাক্রমে ২৬.১১ গ্রাম, ৫০.৪১ গ্রাম, ১৯.৮৪ গ্রাম এবং ৩১.৪৩ গ্রাম।
এ ঘটনায় গত ৮ জুলাই বনানী থানায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান এনজে ডায়মন্ডস-এর পক্ষে মো. খায়েজ আহাম্মদ বাদী হয়ে বনানী থানার মামলাটি করেন।