শিরোনাম

টাঙ্গাইল, ১৩ জুলাই, ২০২৬, (বাসস): জাল টাকা লেনদেনের দায়ে ওয়াজ উদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ওয়াজ উদ্দিন (৪৮) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।
টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২১ সালের ২৭ জুন সকালে ওয়াজ উদ্দিন একটি দোকানে গিয়ে চারটি স্পিড (কোমল পানীয়) কিনে দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন।
নোটটি দেখে জাল বা নকল মনে হলে দোকানদার উপস্থিত লোকজনকে দেখান। তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দেলদুয়ার থানায় খবর দিলে পুলিশ এসে ওয়াজ উদ্দিনকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে আরও চারটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ঘটনায় দেলদুয়ার পশ্চিম পাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ২ মার্চ আসামি ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে চাজশিট দেন।
টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওয়াজ উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালতে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।