বাসস
  ২৪ মে ২০২৬, ১৮:০৬

মেহেরপুরে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মেহেরপুর, ২৪ মে, ২০২৬, (বাসস) : ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম। একইসঙ্গে ধর্ষককে তিন লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন। 

মামলায় স্ব-শরীরে ও ভার্চুয়াল ভিডিওকলের মাধ্যমে তিন দিনে সাক্ষি গ্রহণ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হোসেনের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিটর এ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর মোস্তাফিজুর রহমান তুহিন মামলার বিবরণ দিয়ে জানান, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের ৪র্থ শ্রেণির এক মেয়ে তার বাবাকে বাড়ির পাশে মাঠে খাবার দিতে যাওয়ার সময় শাকিল তাকে ভয় দেখিয়ে একটি ফসলের মাঠে নিয় যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। 

বাড়ি ফিরে মেয়েটি ধর্ষণের ঘটনাটি তার পরিবারকে জানায়। মেয়ের কাছে সব ঘটনা শুনে শিশুটির বাবা গাংনী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর পুলিশ ধর্ষককে আটক করে কারাগারে পাঠায়। মামলায় ১১ জন স্ব-শরীরে ও ভার্চুয়ালি ভিডিও কলে সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধর্ষক শাকিল হোসেনকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে মারুফ আহমেদ বিজন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

রায়ে শিশুটির পরিবার খুশি বলে সাংবাদিকদের জানান।