বাসস
  ২৪ মে ২০২৬, ১১:২৯

লিগ্যাল এইডে এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী ৪ লাখ ৫৬৭ জন

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর)-এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধে উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬৭ জনে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) আওতায় প্রি-কেইস ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪টি মামলায় উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা। এসব মামলা ও বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উপকারভোগী হয়েছেন ৪ লাখ ৫৬৭ জন।

এতে আরও বলা হয়, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে ছিলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপ্রার্থী, দেশের বিভিন্ন নিম্ন আদালত ও শ্রম আদালতের বিচারপ্রার্থী এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরা।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।