শিরোনাম

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪০টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, শ্রমিকদেরকে ৪ হাজার ৬৪০ মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য শ্রমিকদের ৩ হাজার ৩০৯টি মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯২০টি মামলা নিষ্পত্তি হয়েছে। ৩০ হাজার ১০২ জন শ্রমিক সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন।
এছাড়াও লিগ্যাল এইড-এর মাধ্যমে শ্রমিকদের অনুকূলে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে।
দেশে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।