বাসস
  ১৮ মে ২০২৬, ১৮:০৯

সাবেক মন্ত্রী নুরুল মজিদ ও প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ দুদকের পৃথক দু’টি আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস-কে এ তথ্য জানান।

নাদিরা মাহমুদের ব্যাপারে আবেদনে বলা হয়েছে, আসামি নাদিরা মাহমুদ অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে অর্জিত ১ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ করায় ২০২৫ সালের ৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

আরিফা জেসমিনের আবেদনে বলা হয়েছে, আসামি আরিফা জেসমিন ও তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৯ কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন এবং ৩১টি ব্যাংক হিসাবে ২২ কোটি ৩৪ লাখ টাকা জমা ও ১৭ কোটি ৫৬ লাখ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে মানিলন্ডারিং করেছেন। এ অভিযোগে গত ১২ ডিসেম্বর ২০২৪ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়করদাতা আরিফা জেসমিনের ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মূল আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন বলে জানানো হয়।