শিরোনাম

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপি’র মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে চব্বিশের জুলাই আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। রিমান্ডে নেওয়া হয় একাধিক মামলায়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা সরকারের গুম-খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও তার শরীক দলগুলো পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ আয়োজন করে।
দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল এই মহাসমাবেশের ডাক দেয়। সেখানে ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন অংশ নেন।
শান্তিপূর্ণ ওই সমাবেশে আসামিরা অতর্কিতভাবে হামলা করে। এ সময় আসামিদের এলোপাথাড়ি গুলিতে বদরুল ইসলাম সায়মন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন নিজে বাদী হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।