বাসস
  ১৭ মে ২০২৬, ২১:০৫

চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম, ১৭ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার মাদক মামলায় মো. জাফর (৫৩)  নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার আদালতে আসামির অনুপস্থিতিতে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত মো. জাফর ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া সালাউদ্দিন স্কুলের পাশে সোহাব আলী বাড়ীর মো. হাশেমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ফেনসিডিল উদ্ধারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. জাফরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি  আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে নগরের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় র‌্যাব-৭ অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক অমল চন্দ বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।