শিরোনাম

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মো. নাজিম উদ্দিন নামে একজন মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে, একজন পেশাদার মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটের একটি চালান ঢাকায় আনে মতিঝিল এলাকায় লেনদেন করবে বলে। খবর পেয়ে ২০২৫ সালের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে আসা ওই বাসের গতিরোধ করা হয়। এ সময় গাড়ি থেকে স্কুল ব্যাগসহ নাজিম উদ্দিন নামার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার স্কুল ব্যাগ তল্লাশি করে একটি পলিথিন ব্যাগে পুরাতন গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০টি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে একই দিন মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান আদালতে নাজিম উদ্দিনের নামে চার্জশিট দাখিল করেন।
গত ২৯ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালতে ছয়জন সাক্ষ্য প্রদান করেন।