শিরোনাম

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৪ লাখ ৬৬ হাজার ১৪৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে দেওয়া আইনি সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪০০টি মামলায়, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৫৮ হাজার ১০৮টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪০টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়।
এছাড়া, সরকারি খরচে মোট ৫ লাখ ৭৪ হাজার ২৭৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১৬৭ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ লাখ ২০ হাজার ৭৫৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ জন আইনি সহায়তা পেয়েছেন।
এছাড়া সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার টোল-ফ্রি নম্বর ‘১৬৬৯৯’-এর মাধ্যমে ২ লাখ ৪ হাজার ২০৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থী মানুষকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এসব সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে লিগ্যাল এইড-এর কার্যক্রম পরিচালিত হয়।