শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে ৫ লাখ ৭৪ হাজার ২৭৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে দেওয়া আইনি সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে ২৭ হাজার ১৬৭ জন আইনি সহায়তা পেয়েছেন।
দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ৩ লাখ ২০ হাজার ৭৫৩ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ৪ হাজার ২০৫ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে।