শিরোনাম

ময়মনসিংহ, ১৩ মে, ২০২৬ (বাসস): জেলার হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানী (৬৫) হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার এলাকায় সুজিত শীলের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ও কলহ চলছিল। এরই জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে সুজিত শীল তার স্ত্রী ইতি রানীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পাশের কক্ষে থাকা শাশুড়ি জ্যোৎস্না রানীকেও দা ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন।
তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী মারা যান।
এ ঘটনায় ইতি রানীর বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাশুড়ি হত্যা মামলায় আদালত একজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন এ্যাড আকরাম হোসেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. হাসিব আহমেদ মাহবুবুল আলম।