বাসস
  ১৩ মে ২০২৬, ১২:৩৯

সরকারি খরচে সাড়ে ১৪ লাখেরও বেশি অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩০ হাজার ৫৬৭ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৯৬ হাজার ৭৫৬ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ১০২ জন এবং সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারেরব(টোল ফ্রী-'১৬৬৯৯') ২ লাখ ৪ হাজার ২০৫ জন আইনি সহায়তা পেয়েছেন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।