শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সংস্থাটির সামগ্রিক কার্যক্রমের বিভিন্ন তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ সেবা গ্রহণ করেছেন।
সুবিধাভোগীদের মধ্যে ১১ হাজার ৬৪৯ জন নারী, ১৮ হাজার ৮১৮ জন পুরুষ এবং ৭ জন শিশু রয়েছে।
এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া ২৭ হাজার ৮২টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল ও অসামর্থ্য বিচারপ্রার্থীদের সরকারি খরচে এ আইনি সহায়তা দেওয়া হচ্ছে।