শিরোনাম

চট্টগ্রাম, ১১ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে অটোরিকশাচালক আইয়ুব আলীকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) ও মো. আব্দুল জব্বার (৩১)।
আজ সোমবার ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানিয়েছেন।
তিনি জানান, আইয়ুব আলী একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে বেলা ১১টার দিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ার থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা করেন।
ওসি জুনায়েত চৌধুরী বলেন, মামলাটি ছিল ক্লুলেস। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে শনাক্ত করা হয়। গ্রেপ্তার জামাল আন্তঃজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে অটোরিকশা ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।