বাসস
  ০৭ মে ২০২৬, ১৯:৪৪

নেত্রকোণায় হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

নেত্রকোণা, ৭ মে, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর জান্নাতুল (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সনুড়া জসিউড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. শামছু (৫২) এবং ইসলাম উদ্দিনের দুই ছেলে মো. কাবিল (২২) ও মো. হাবিল (১৭)। পুলিশ আজই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়েছে।

নিহত জান্নাতুল সনুড়া জসিউড়া গ্রামের কৃষক মো. আর্শাদ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় জান্নাতুল। পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় মঙ্গলবার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরদিন বুধবার সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতের আইলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে কলমাকান্দা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, উদ্ধারের সময় শিশুটির মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার রাতে নিহতের বাবা মো. আর্শাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকা- ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, এজাহারভুক্ত ৪ জন আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মজিবুর (৪৫) নামে এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।