শিরোনাম

মেহেরপুর, ৬ মে, ২০২৬, (বাসস) : জেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাজু হোসেনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা দেন।
রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি সাজু হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাজু মেহেরপুর শহরের নতুনপাড়ার বাসিন্দা।
রাষ্টপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন মামলার বিবরণ দিয়ে জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন স্বামী সাজু হোসেন। এরপর স্বজনরা ডলিকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি খাতুনের মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচার চলাকালীন মোট ১১ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনার ভিত্তিতে আদালত অভিযুক্ত সাজু হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন একেএম শফিকুল আলম।