শিরোনাম

পিরোজপুর, ৫ মে, ২০২৬, (বাসস): জেলায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুর ১টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখেলী ইউনিয়নের জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার।
আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাড়ি ভান্ডারিয়া উপজেলায়। সে ঘটনার সময় স্থানীয় এক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো। ওই ছাত্রীর মামার বাড়ি একই উপজেলায়। সে তার মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো। সেখানে স্কুলে আসা-যাওয়ার পথে সুমন হাওলাদার প্রায়ই তাকে উত্যক্ত করতো।
২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে সে বাড়ি ফিরছিল। এ সময় সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর সে বাড়ি থেকে ফিরে তার মামাকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করার আশ্বাস দিলেও ওই স্কুলছাত্রীর মামা তাতে রাজি হয়নি। পরে তিনি ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চাজশিট দেয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আজ এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) এ্যাড. নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামিপক্ষে ছিলেন এ্যাড. আহসানুল কবির বাদল।