বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০২

বাংলা টিভির এমডি সামাদুল হকের আয়কর নথি জব্দ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) :‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামাদুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি সৈয়দ সামাদুল হক জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন এবং ৩ কোটি ৫৩ লাখ টাকার কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও রূপান্তর দেখিয়ে লেয়ারিংয়ের মাধ্যমে বৈধভাবে প্রদর্শনের চেষ্টা করায় দুদক মামলা দায়ের করেন। 

আবেদনে আরও বলা হয়, তিনি ২০০৫-০৬ করবর্ষ থেকে সার্কেলে আয়কর রিটার্ন দাখিল করেছেন। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু থেকে শেষ পর্যন্ত সার্কেল-২৯৪, কর অঞ্চল-১৪, ঢাকা-এ রক্ষিত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।