বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫২

সিমিন রহমানসহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ

মিসেস শাহনাজ রহমান ও সিমিন রহমান। ছবি : কোলাজ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আপন বোনের করা প্রতারণার অভিযোগের মামলা থেকে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার মা মিসেস শাহনাজ রহমানসহ ছয়জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে চারটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সিমিন রহমান।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদেশে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো উপাদান না থাকায় তাদেরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।

মামলার অপর আসামিরা হলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক, আবু ইউসুফ মো. সিদ্দিক ও সামসুজ্জামান পাটোয়ারী।

সিমিন রহমানের পক্ষের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক বাদি হয়ে গুলশান থানায় এই মামলাটি করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান, সিমিন রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।