শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস ছালাম ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (সোমবার) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, দুদকের নির্দেশে শাহানা পারভীন ২০২৪ সালের ১৮ আগস্ট দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২১ লাখ ৭৪ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে যাচাই-বাছাইয়ে তার নামে ৯৫ লাখ ১৬ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ মেলে।
এছাড়া ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার বৈধ আয়ের পরিমাণ পাওয়া যায় ৭ লাখ ১৪ হাজার টাকা। একই সময়ে পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। ফলে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা।
দুদকের অভিযোগ, মীর্জা মো. আব্দুস ছালাম একজন গণকর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে সম্পদ অর্জনে সহায়তা করেছেন।