বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

মাদক ও অনলাইন জুয়ামুক্ত মেহেরপুর গড়বো: জামায়াত প্রার্থী তাজউদ্দীন

মো. তাজউদ্দীন খান। ছবি : বাসস

মেহেরপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা মো. তাজউদ্দীন খান মাদক ও অনলাইন জুয়ামুক্ত মেহেরপুর গড়ার অঙ্গীকার করেছেন। সম্প্রতি বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘মাদকের থাবায় বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। অনলাইন জুয়ায় অল্প কয়েকজন লাভবান হলেও হাজার হাজার পরিবার সর্বস্ব হারাচ্ছে। আমরা মাদক ও অনলাইন জুয়ামুক্ত মেহেরপুর গড়তে চাই।’

মওলানা মো. তাজউদ্দীন খান ১৯৯৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা জামায়াতের আমির। তিনি পেশায় শিক্ষক। তিনি ২০১৮ সালে মেহেরপুর-১ আসন থেকে মনোনয়ন দাখিল করলেও পরে তা প্রত্যাহার করে নেন। 

তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের মেহেরপুর জেলা সংবাদদাতা দিলরুবা খাতুন। 

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনি প্রতিশ্রুতি কী? 

তাজউদ্দীন খান: মেহেরপুর একটি কৃষিনির্ভর জেলা। এখানকার এক ইঞ্চি জমিও অনাবাদি থাকতে দেওয়া হবে না। দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, চাষের ভিত্তিতেই কৃষকরা সার, বীজ ও সেচ সুবিধা পাবেন। এছাড়াও  শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে পাঠনির্ভর শিল্পকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করব। যাতে কৃষকরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন।

বাসস: নির্বাচনি আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী? 

তাজউদ্দীন খান: আমরা শতভাগ নির্বাচনি আচরণবিধি মেনে চলছি। আমাদের নেতা-কর্মী ও সমর্থকদেরও তা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু নির্বাচনের ক্ষেত্রে না , সর্বত্রই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা সব সময় আইন মেনে চলব।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?

তাজউদ্দিন খান: জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। অবশ্যই দেশের পরিবর্তন করতে হবে। জুলাই সনদে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই দেশের পরিবর্তন আনবে। এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জুলাই সনদ ও গণভোটের পক্ষে আমরা ‘হ্যাঁ’ অবস্থান নিয়েছি এবং সে অনুযায়ী প্রচার চালাচ্ছি।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী ?     

তাজউদ্দিন খান: আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে যে প্রার্থী নির্বাচিত হবেন, আমরা গণতান্ত্রিকভাবে তার পক্ষেই থাকব। বাংলাদেশের স্বাধীনতার পুণ্যভূমি মুজিবনগরের মানুষও ইতিহাসের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ১৯৭১ সালে যে মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল, সেই মাটির মানুষ আজও গণতন্ত্র, ন্যায়বিচার ও মর্যাদার রাজনীতির প্রত্যাশা করেন। স্বাধীনতার চেতনা কেবল স্মৃতিস্তম্ভে সীমাবদ্ধ থাকলে চলবে না। তা বাস্তব উন্নয়ন ও সুশাসনের মধ্য দিয়েই প্রতিফলিত হতে হবে।

জেলার দুটি সংসদীয় আসনের মধ্যে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অন্যান্যরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মাসুদ অরুণ, জাতীয় পার্টি (জাপা)র প্রার্থী আব্দুল হামিদ এবং কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান।

মেহেরপুর-১ আসনে  মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৯০ এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮২।