শিরোনাম

ফরিদপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসেন বলেছেন, ভাঙ্গাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
নির্বাচন ঘিরে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফরিদপুর জেলা সংবাদদাতা আনিচুর রহমান
বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মাওলানা মো. সরোয়ার হোসেন : দীর্ঘদিন আমরা ভোট দিতে পারেনি বিশেষ করে যারা তরুণ ভোটার হয়েছেন তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেননি। আমরা আশা করছি এ বছর সকলে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে।এ এলাকাটি নদী ভাঙন কবলিত এলাকা হওয়ায় যাতায়াত ব্যবস্থা আদিম যুগের অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে যাতায়াত ব্যবস্থা, নদীর শাসন ব্যবস্থা করা, মা ও শিশু কেন্দ্রর ব্যবস্থা করা, মাদক জিরো টলারেন্স, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত, শান্তি ও নিরাপদ জনপদ গড়ে তুলবো। শিক্ষা, বাসস্থান, চিকিৎসাসহ ভাঙ্গাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়বো।
বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
মাওলানা মো: সরোয়ার হোসেন : নির্বাচন কমিশন কর্তৃক যে আচরণ বিধিগুলো আছে সেগুলো মেনে চলতে আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি।
বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
মাওলানা মো: সরোয়ার হোসেন : হ্যাঁ’র পক্ষে যদি আমাদের ভোট না দেওয়া হয় তাহলে পুনরায় ফ্যাসিস্ট জন্ম হবে। তবে সেটি আমরা চাই না। এ জন্য আমরা আমাদের নেতাকর্মীদের সকলকে বলেছি হ্যাঁ এর পক্ষে ভোট দিতে।
ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এ তিনটি উপজেলা নিয়ে গঠিত। একটি পৌরসভা এবং ২৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। তিনটি উপজেলার মোট ১৮৯ টি ভোট কেন্দ্র রয়েছে। আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ, ৯৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৬৬১ জন পুরুষ, ২ লাখ ৪২ হাজার ৫৪ জন নারী এবং ১ জন তৃতীয় লিঙ্গের।
আসনটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের জেলা শাখার সূরা সদস্য এবং ভাঙ্গা উপজেলার আমির মাওলানা মো: সরোয়ার হোসেন কে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হয়েছেন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা। এছাড়া রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. ইসহাক চোকদার, জাতীয় পার্টির রায়হান জামিল এবং স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ ও মোহাম্মদ মজিবুর হোসাইন।