বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

এনভিডিয়া-সমর্থিত স্টার্টআপের সঙ্গে কম্পিউটিং চুক্তি অ্যানথ্রপিকের

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রভিত্তিক ও এনভিডিয়ার সমর্থনপুষ্ট একটি স্টার্টআপ-এর কাছ থেকে ক্লাউড কম্পিউটিং সুবিধা নিতে ৩৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। 

উন্নত কম্পিউটিং সক্ষমতা নিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে অ্যানথ্রপিকের এ ধরনের চুক্তির তালিকায় এটি সর্বশেষ সংযোজন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি ল্যামডার সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে বলে চুক্তির বিষয়ে অবগত একটি সূত্র এএফপিকে জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার সান হোসেভিত্তিক ল্যামডা এআই ক্লাউড কম্পিউটিং সেবা দিয়ে থাকে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিটকয়েন মাইনিং ও ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান হাট ৮ যে ডেটা সেন্টার নির্মাণ করছে, ল্যামডা সেখানে কম্পিউটিং সুবিধা পাওয়ার সুযোগ নিশ্চিত করবে। 

টেক্সাসে হাট ৮-এর নির্মাণাধীন এমন একটি ডেটা সেন্টার থেকেই অ্যানথ্রপিক কম্পিউটিং সুবিধা নেবে।

ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যানথ্রপিক ও ল্যামডা—উভয় প্রতিষ্ঠানেই বিনিয়োগ করা এনভিডিয়া হাট ৮-এর কাছ থেকে ডেটা সেন্টারটি লিজ নেবে। 

এরপর ল্যামডা ওই ডেটা সেন্টার ব্যবহারের জন্য এনভিডিয়াকে একটি অপ্রকাশিত অর্থ পরিশোধ করবে।

সম্প্রতি অ্যানথ্রপিক লন্ডনভিত্তিক ক্লাউড সেবা প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গেও ছয় বছরের একটি চুক্তি করেছে। 

এএফপিকে একটি সূত্র নিশ্চিত করেছে যে ৪৫ বিলিয়ন ডলারের ওই চুক্তির আওতায় অ্যানথ্রপিক পশ্চিম ভার্জিনিয়ায় এনস্কেলের একটি স্থাপনায় কম্পিউটিং সক্ষমতা পাবে। 

শুধু চলতি বছরেই অ্যানথ্রপিক কমপক্ষে ১৩৫ বিলিয়ন ডলারের বিভিন্ন কম্পিউটিং চুক্তি করেছে।

গ্রাহক আকর্ষণ ও আয় বাড়াতে অ্যানথ্রপিকের সঙ্গে এআই প্রতিষ্ঠান ওপেনএআই’র তীব্র প্রতিযোগিতা চলছে। উভয় প্রতিষ্ঠানই শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার দিকে এগোচ্ছে।

গত কয়েক বছরে এআই মডেল নির্মাতাদের মধ্যে গ্রাহক ও কম্পিউটিং সক্ষমতা পাওয়ার প্রতিযোগিতা তীব্র হওয়ায় চিপ ও উন্নত কম্পিউটিং শক্তির চাহিদা ব্যাপক বেড়েছে।

এদিকে এই বাড়তি চাহিদার কারণে ভোক্তা ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে চিপ সরবরাহের বৈশ্বিক ব্যবস্থার ওপরও চাপ তৈরি হয়েছে।