বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১২:৪২

নাইজারের রাজধানীতে সামরিক ঘাঁটির কাছে গোলাগুলির শব্দ

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : নাইজারের রাজধানী নিয়ামেতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা শনিবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন। চলতি বছর ওই ঘাঁটিতে দুই দফা জিহাদি হামলা হয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত তিন বছর ধরে সামরিক জান্তার শাসনে থাকা নাইজার প্রায় এক দশক ধরে জিহাদি সহিংসতায় জর্জরিত। দেশটির সামরিক সরকার এখনো এই সহিংসতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

নিয়ামেতে বসবাসকারী এক ব্যক্তি এএফপিকে বলেন, ‘নিয়ামের ১০১ নম্বর ঘাঁটিতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ হচ্ছে।’ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীও বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বেশ কয়েকটি পোস্টেও শহরের বিভিন্ন এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে প্রেসিডেন্টের প্রাসাদ ও রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র অবস্থিত প্রশাসনিক এলাকায় এসব ঘটনার কথা জানানো হয়েছে।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে বিমানবন্দরের আশপাশের এলাকায় সাঁজোয়া যান মোতায়েন করতে দেখা গেছে। তবে গোলাগুলির সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।