বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১২:০৪

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে মেক্সিকো

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : সুড়ঙ্গপথে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাচার করা একটি অপরাধী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকার বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মেক্সিকো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষের তদন্তে জানা গেছে, ‘লা তিয়া’ (দ্য আন্ট) নামে পরিচিত ওই চক্রটি সীমান্তবর্তী শহর সিউদাদ হুয়ারেসের সুড়ঙ্গ ব্যবহার করে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাচার করত।

এই অপরাধী চক্রটি মাদক পাচার, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গেও জড়িত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চক্রটির কথিত প্রধানও রয়েছেন। মেক্সিকোর জলসীমা ও নৌবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, জালিসকো ও চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানে দুটি পিকআপ ট্রাক, ৩১টি মোবাইল ফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের করা একটি অভিযোগের পর গত জানুয়ারিতে এই চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই অভিযোগে ‘যুক্তরাষ্ট্রে মানুষ পাচারের একটি সম্ভাব্য নেটওয়ার্কের’ সন্ধান পাওয়ার কথা জানানো হয়েছিল।

কয়েক সপ্তাহ আগে অভিবাসী ও অপরাধী চক্রের সদস্যদের সীমান্ত পারাপার ঠেকাতে সিউদাদ হুয়ারেসে নিরাপত্তা জোরদার করে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আকাশ ও স্থলপথে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।