শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রে একটি নতুন ডেটা সেন্টার ২০ বছরের জন্য ভাড়া বা লিজ নিতে যাচ্ছে। এ প্রকল্পে এনভিডিয়া ১০৫ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার প্রকাশিত এক নিয়ন্ত্রক সংস্থার নথিতে এ তথ্য জানানো হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রকল্পটি ওহাইও অঙ্গরাজ্যে শীতল যুদ্ধের সময় ব্যবহৃত একটি সাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানার জায়গায় নির্মাণ করা হবে। ভবিষ্যতে এর সক্ষমতা ৮ গিগাওয়াট পর্যন্ত বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে এটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য বিশ্বের সবচেয়ে বড় একক ডেটা সেন্টার।
ডেটা সেন্টারটিতে শুধু এনভিডিয়ার তৈরি চিপ ব্যবহার করা হবে।
প্রকল্পটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসবি এনার্জি এবং জাপানের সফটব্যাংক স্থানীয় বিদ্যুৎ অবকাঠামোয় ৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। একই সঙ্গে ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা মেটাতে অন্তত ১০ গিগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পে সহায়তার জন্য ওপেনএআই ৪ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এ ছাড়া এনভিডিয়া এসবি এনার্জিতে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে প্রতিষ্ঠানটি আগেই ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা একে অপরের কাছ থেকে অর্থায়নের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সমালোচনা খণ্ডন করেছে। এ ধরনের অর্থায়নকে কেন্দ্র করে এআই খাতে অতিরিক্ত বিনিয়োগের ফলে একটি ‘এআই বুদবুদ’ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে বাজারে বড় ধরনের ধস নামতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার এক ব্লগ পোস্টে এনভিডিয়া বলেছে, ‘ওপেনএআই ডেটা সেন্টারের ভাড়া পরিশোধ করবে।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সরবরাহ ব্যবস্থাপনায় তারা যে ধরনের কঠোর আর্থিক শৃঙ্খলা অনুসরণ করে, এই চুক্তিতেও একই নীতি প্রয়োগ করা হয়েছে।
তবে এনভিডিয়ার এই অর্থায়নের নিশ্চয়তা প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড়। এর মাধ্যমে এআই খাতে ইতোমধ্যে প্রচলিত একটি আর্থিক ব্যবস্থার পরিধিতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এআই কোম্পানিগুলোর আয় দ্রুত বাড়লেও, এই প্রযুক্তিগত বিপ্লবের ভিত্তি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিশাল অবকাঠামো নির্মাণে তারা এখনো নিজেদের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তার ওপর নির্ভর করছে।
‘বিশাল প্রকল্প’
জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গ জানিয়েছিল, এনভিডিয়া এ প্রকল্পের জন্য ২৫০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করেছিল। ওই খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৫ শতাংশ কমে যায়। তবে চলতি বছরে এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম ১৯ শতাংশের বেশি বেড়েছে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘এটি একটি বিশাল প্রকল্প হতে যাচ্ছে। এতে এত বিপুল কম্পিউটিং সক্ষমতা থাকবে যে, লা লাখা মানুষ এমনভাবে এআই ব্যবহার করতে পারবেন, যা আমরা আজ কেবল কল্পনা করা শুরু করেছি।’
ওপেনএআই জানায়, প্রকল্পটির নির্মাণকাজে আগামী ছয় বছরে ৩৫ হাজার অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ছাড়া, ডেটা সেন্টারটি চালু হওয়ার পর দীর্ঘমেয়াদে ২ হাজার ৫০০টি স্থায়ী কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।