বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৫:২৭

ইসরাইলে সাধারণ নির্বাচনের আগে প্রার্থী বাছাই করল নেতানিয়াহুর লিকুদ পার্টি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদের সদস্যরা সোমবার দলের প্রার্থী বাছাই করতে ভোট দিয়েছেন। আগামী ২৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে লিকুদকে এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নেতানিয়াহু ইসরাইলের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তবে বর্তমানে তিনি আগের তুলনায় দুর্বল রাজনৈতিক অবস্থানে রয়েছেন। তাঁর সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। আর হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অভিযান ও যুদ্ধ চালিয়ে আসছেন।

বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, আগামী নির্বাচনে লিকুদের আসনসংখ্যা বর্তমান ৩২ থেকে কমে ২২টিতেও নেমে যেতে পারে।

সোমবারের প্রাথমিক নির্বাচনে লিকুদের প্রায় ১ লাখ ৪০ হাজার সদস্য দলের প্রার্থী বাছাইয়ে ভোট দেন। তবে দলের নেতা নেতানিয়াহু নিজের পছন্দের প্রায় ১০ জনকে প্রার্থী হিসেবে মনোনীত করার সুযোগ রেখেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এর মাধ্যমে তিনি নিজের চারপাশে আরও অনুগত নেতাদের রাখার চেষ্টা করছেন।

লিকুদের দীর্ঘদিনের সদস্য ৩০ বছর বয়সী আভি এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এটা গণতান্ত্রিক নয়, তারা লিকুদকে ধ্বংস করে দিয়েছে।’ আগামী সাধারণ নির্বাচনে কাকে ভোট দেবেন, সে সিদ্ধান্তও তিনি এখনো নেননি বলে জানান।

তবে দলের কেন্দ্রীয় কমিটির ৭৯ বছর বয়সী সদস্য এলি কোহেন এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুর প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু ‘ ঈশ্বরপ্রদত্ত দায়িত্বে’ নিয়োজিত।

লিকুদের দুই সক্রিয় কর্মী নারকিস আলফি ও ব্রোরিয়া বেন ইয়েহুদা দলের নেতৃত্বে নেতানিয়াহুর ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন।

আলফি এএফপিকে বলেন, তাঁর ধারণা, প্রধানমন্ত্রী এখানে ‘বাস্তব পরিবর্তন’ আনতে চান। সেই লক্ষ্যে তিনি তরুণ ও উদ্যমী নতুন মানুষকে দলে নিয়ে আসার চেষ্টা করছেন।

বেন ইয়েহুদা লিকুদকে একটি বৈচিত্র্যময় দল হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, দলে মিজরাহি ও আশকেনাজি ইহুদি, ইহুদি ও আরব—বিভিন্ন পটভূমির মানুষ রয়েছেন। আর এ বৈচিত্র্যই লিকুদের অন্যতম শক্তি বলে তিনি মনে করেন।

প্রাথমিক নির্বাচনে অনেক ধর্মীয় ইহুদিকেও দেখা যায়। তাদের মধ্যে অতি-রক্ষণশীল ইহুদিদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে তাদের অনেকেই নিজেদের স্বার্থ রক্ষার জন্য লিকুদে যোগ দিয়েছেন।

দলের কয়েকজন মন্ত্রীসহ জ্যেষ্ঠ নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন। ভোটকেন্দ্রে তাঁদের এমন অনেক প্রার্থীর সঙ্গে দেখা যায়, যাদের সাধারণ ভোটারদের কাছে এখনো তেমন পরিচিতি নেই। নেতারা প্রার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন, আলিঙ্গন করেন এবং সেলফিও তোলেন।

লিকুদের বিদায়ী আইনপ্রণেতা আমিত হালেভি, নেতানিয়াহুর জন্য নির্ধারিত ‘সংরক্ষিত আসনের সংখ্যা আরও কম হওয়া উচিত ছিল’ বলে তিনি মনে করেন। তবে তাঁর মতে, শেষ পর্যন্ত অধিকাংশ প্রার্থীই দলীয় প্রাথমিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন—আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ভোট শেষে লিকুদ জানায়, এবার প্রাথমিক নির্বাচনে ভোট পড়েছে ৫৩ শতাংশ। ২০২২ সালের সর্বশেষ প্রাথমিক নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতি ১০ শতাংশ বেশি।

সাধারণ নির্বাচনের আগে দলের কর্মী-সমর্থকদের সক্রিয়তা ও ভোটারদের মধ্যে দলীয় সংগঠনের সক্ষমতা বোঝার জন্য এই ভোটার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে।