শিরোনাম

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস): ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি জেলায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার আঞ্চলিক সামরিক প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এদিকে কিয়েভ কর্তৃপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে মস্কো। অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যেগুলো প্রতিহত করা কঠিন। রাশিয়ার এসব হামলার ফলে ভবন কেঁপে ওঠার পাশাপাশি পুরো শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রোভারি জেলায় রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
তিনি জানান, হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।
এদিকে রাজধানী কিয়েভে এএফপির এক সাংবাদিক জানান, প্রায় এক ডজন বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।
এর আগে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছিল, দেশের উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।