বাসস
  ০২ জুলাই ২০২৬, ১২:৪২

দোহায় পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরানের ‘ইতিবাচক অগ্রগতি’: কাতার

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার দাফন কার্যক্রম শেষ হওয়ার পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আজ দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষ করেছেন। ইসলামাবাদ সমঝোতা স্মারক-সংশ্লিষ্ট বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতেই এ অগ্রগতি এসেছে।’

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি আরও বলেন, ‘আগামী সময়ে আলোচনা অব্যাহত রাখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। সাবেক ইরানি সর্বোচ্চ নেতার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।’