শিরোনাম

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : বসনিয়ায় শান্তি রক্ষার দায়িত্ব পালনের জন্য জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক লুই জন ক্রিশককে ভারপ্রাপ্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে মঙ্গলবার নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি জার্মানির ক্রিশ্চিয়ান শ্মিটের স্থলাভিষিক্ত হিসেবে স্থায়ী হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্বে থাকবেন।
১৯৯০-এর দশকে বসনিয়ার জাতিগত যুদ্ধের অবসান ঘটানো শান্তিচুক্তির বেসামরিক দিকগুলো তদারকির দায়িত্বে নতুন আন্তর্জাতিক দূত নিয়োগে চলতি মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
ডেটন শান্তি চুক্তি বাস্তবায়ন তদারকির দায়িত্বে থাকা পিস ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের (পিআইসি) স্টিয়ারিং বোর্ড হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেয়। সাম্প্রতিক বছরগুলোতে এ পদে থাকা ব্যক্তির ক্ষমতা নিয়ে ইউরোপীয় দেশগুলো, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য রয়েছে।
সারায়েভো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জার্মান কূটনীতিক ক্রিশ্চিয়ান শ্মিট গত মে মাসে পদত্যাগ করেন। তিনি ওয়াশিংটনের ‘বিরাট ও অপ্রত্যাশিত’ চাপের কথা উল্লেখ করে এ পদত্যাগকে আকস্মিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেন।
নতুন দূত নিয়োগের দায়িত্বে থাকা বোর্ড জানায়, বর্তমান প্রধান উপ-হাই রিপ্রেজেন্টেটিভ লুইস জন ক্রিশক স্থায়ী প্রতিনিধি নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘যত দ্রুত সম্ভব নতুন হাই রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ঐকমত্যে পৌঁছাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১৪ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।’
উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রচকো জেলার তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করা ক্রিশক বুধবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। একই দিন থেকে শ্মিটের পদত্যাগ কার্যকর হবে।
হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আইন জারি করা বা নির্বাচিত কর্মকর্তাদের অপসারণের মতো ব্যাপক ক্ষমতা ব্যবহারের কারণে শ্মিটের সঙ্গে বসনিয়ার সার্ব নেতা ও মস্কোর মিত্র মিলোরাদ দোদিকের বিরোধ তৈরি হয়।
যুক্তরাষ্ট্র এ পদ বহাল রাখার পক্ষে। তবে তারা চায়, পরবর্তী হাই রিপ্রেজেন্টেটিভ ধীরে ধীরে ক্ষমতা বসনিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করুন।
গত মে মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়া এ কার্যালয় অবিলম্বে বিলুপ্ত করার আহ্বান জানায়।
বসনিয়ার ভেতরেও সার্ব ও ক্রোয়াট নেতারা এ পদ বিলুপ্ত করা অথবা অন্তত এর ক্ষমতা কমানোর দাবি জানিয়ে আসছেন।
শ্মিটের উত্তরসূরি হিসেবে দুটি নাম আলোচনায় রয়েছে। একজন ইতালীয় কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রার্থী আন্তোনিও জানার্দি লান্দি। অন্যজন যুক্তরাজ্য ও জার্মানির সমর্থন পাওয়া ফরাসি কূটনীতিক রেনে ত্রোকাজ।