বাসস
  ০১ জুলাই ২০২৬, ১৫:১৯

সার্বিয়ার তেল কোম্পানি এনআইএস-এর লাইসেন্স আরও ৩০ দিন বাড়ালো যুক্তরাষ্ট্র

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া-নিয়ন্ত্রিত সার্বিয়ার তেল কোম্পানি এনআইএস (পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি অব সার্বিয়া)-এর অস্থায়ী পরিচালন লাইসেন্স আরও ৩০ দিনের জন্য বাড়িয়েছে। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী এ তথ্য জানান।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকার কারণে ২০২৫ সালের জানুয়ারি থেকে এনআইএস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনের দাবি, রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের সহযোগী প্রতিষ্ঠান গ্যাজপ্রম নেফট ও এর সহযোগী প্রতিষ্ঠান ইন্টেলিজেন্সকে এনআইএস-এ তাদের যৌথ ৫৬ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে। এ শর্ত পূরণ হলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ করার সুযোগ দিতে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছে।

এনআইএস-এ রাশিয়ার মালিকানাধীন শেয়ার হাঙ্গেরির জ্বালানি কোম্পানি এমওএল-এর কাছে বিক্রির বিষয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এনআইএস-এর পরিচালন লাইসেন্স এবং এমওএল ও গ্যাজপ্রমের মধ্যে আলোচনা শেষ করার সময়সীমা ১ জুলাই পর্যন্ত বাড়ায়।

জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হানদানোভিচ ইনস্টাগ্রামে জানান, ‘ওএফএসি আমাদের জানিয়েছে, এনআইএস-এর কার্যক্রম চালিয়ে যাওয়ার লাইসেন্স আরও ৩০ দিনের জন্য, অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘এর ফলে পাঞ্চেভোর পরিশোধনাগারে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ অব্যাহত থাকবে। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

সার্বিয়া এখনও ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করা ইউরোপের অল্প কয়েকটি দেশের এটি একটি।