বাসস
  ২৮ জুন ২০২৬, ১৯:০৮

হরমুজে বিকল্প নৌপথ উত্তেজনা বাড়াবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হওয়া হরমুজ প্রণালীর নৌ-রুট এড়িয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের যেকোনো চেষ্টা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

বাগদাদ থেকে এএফপি জানায়, রোববার ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে তিনি এ সতর্কবার্তা দেন। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান জানান তিনি। এ সময় তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যে ব্যবস্থা বাস্তবায়ন করছে, তার বাইরে নতুন বা পৃথক কোনো ব্যবস্থা গ্রহণের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করবে, হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু হতে বিলম্ব ঘটাবে এবং গত দুই রাতের মতো উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।’

যদিও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, শুক্রবারও কৌশলগত এই জলপথে ইরানের অনুমোদনহীন একটি বিকল্প রুট ব্যবহার করে বিভিন্ন জাহাজ চলাচল করেছে।

এর একদিন আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অভিযোগ করে, ওমান ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তেহরানের সঙ্গে কোনো পরামর্শ না করেই নতুন নৌপথ ঘোষণা করেছে। একই সঙ্গে ওই রুট ব্যবহার না করতে জাহাজগুলোকে সতর্ক করে তারা।

আরাকচির এ মন্তব্যের আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালী অতিক্রমকারী একটি জাহাজে নতুন হামলার জবাবে শনিবার ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান।

সাম্প্রতিক এই সংঘর্ষ গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী সামরিক অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে চলমান আলোচনাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আরাঘচি সংশ্লিষ্ট সব পক্ষকে ‘সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলা এবং এটিকে তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হতে দেওয়ার’ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের এমন একটি নতুন কাঠামোতে পৌঁছতে হবে, যাতে এই অঞ্চলের সব দেশ থাকবে এবং বাইরের কোনো দেশের উপস্থিতি বা হস্তক্ষেপ থাকবে না।’

ইরাকের উদ্যোগে উপসাগরীয় দেশগুলো, ইরান ও ইরাককে নিয়ে একটি বৈঠক আয়োজনের প্রস্তাবকেও স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের শুরু থেকেই ইরাকও এই সংঘাতে জড়িয়ে পড়ে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যুদ্ধের প্রথম দিন নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আগামী ৮ জুলাই রাষ্ট্রীয় শোকযাত্রার আয়োজন করবে ইরাক।