শিরোনাম

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত দুই জন আহত হয়েছেন। কিয়েভকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পরপরই রোববার এ হামলা চালানো হয়।
শহরটির সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে।
এএফপি’র সাংবাদিকরা কিয়েভে বিস্ফোরণের শব্দ শুনেছেন। আকাশে আলোর ঝলকানিও দেখা গেছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘এখন পর্যন্ত রাতের হামলায় আহতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।’
এর আগে তকাচেঙ্কো জানান, হামলার ফলে দারনিতস্কি জেলায় কয়েকটি স্থানে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, ‘একটি আবাসিক ভবনের কাছে আগুন ধরে গেছে। অন্য স্থানে একটি যানবাহন সার্ভিস স্টেশনে আগুন জ্বলছে। একটি অনাবাসিক ভবনেও আগুন লেগেছে।’
তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর একদিন আগে, মধ্য-পূর্ব ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল ও উত্তরের সুমি অঞ্চলে রাশিয়ার হামলায় দুই জন নিহত হন।
এ হামলার আগে ইউক্রেন রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভলগোগ্রাদ ও বেলগোরোদ এবং মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের হরলিভকায় হামলা চালায়।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় তিন জন নিহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনও রাশিয়া ও মস্কোর দখলে থাকা ভূখণ্ডে হামলা জোরদার করেছে। কিয়েভ এসব হামলাকে রাশিয়ার আক্রমণের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে বর্ণনা করছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে, রাশিয়া প্রায় প্রতিদিনই দেশটিতে হামলা চালিয়ে আসছে।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ।